আমি কিভাবে ডিরেক্ট মেন্টরশিপ ছাড়া ডিজাইনার হয়েছি

 ২০১৪ সালে প্রথম ডিজাইন শেখার পরিকল্পনা করি। তখন আমার মোটিভেশন ছিল খুবই সোজা—গ্রাফিক্স ডিজাইন শিখে চাকরি করলে মাসে ৫০-৬০ হাজার টাকা ইনকাম হবে, আর সিনিয়র হলে দেড় লাখ টাকা পর্যন্ত। এটাই ছিল ডিজাইন শেখার পেছনের মূল কারণ।

 
২০১৪ সালের আগস্টে আমি প্রথম ল্যাপটপ কিনি। তার আগে কম্পিউটার চালানোরও কোনো অভিজ্ঞতা ছিল না। ক্রিয়েটিভ আইটিতে গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হই। ২ মাস ফটোশপ আর ২ মাস ইলাস্ট্রেটরের ক্লাস ছিল। তবে ফটোশপের ক্লাস শেষ করেই মনে হলো, ইউটিউব থেকে আমি এগুলো আরও দ্রুত শিখতে পারি। তাই ক্লাস ছেড়ে নিজে নিজে শেখার সিদ্ধান্ত নিই।
 
গ্রাফিক্স ডিজাইন করতাম, তবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে বেশি ভালো লাগত। কেন লাগত, জানি না। সেই ভালো লাগা থেকেই ঘরে বসে বিভিন্ন ল্যান্ডিং পেজ কপি করতাম। আমার ধারণা, ওই সময় আমি অন্তত ২০০+ ল্যান্ডিং পেজ কপি করেছি।
 
তখন বি ডিজাইনার গ্রুপটা খুবই একটিভ ছিল। সবাই সেখানে তাদের কাজ আর আইডিয়া শেয়ার করত। আমি সেসব দেখতাম, পড়তাম, আর নিজের কাজে প্রয়োগ করতাম। তবে বড় ভাইদের কাছে যাওয়ার সাহস পেতাম না, কারণ মনে হতো তারা হয়তো পাত্তা দেবে না।
 
আমার প্রতিদিনের রুটিন ছিল ড্রিবল, থিমফরেস্ট, আওয়ার্ডস, Smashing ম্যাগাজিন ইত্যাদি ঘুরে দেখা। ভালো কোনো ডিজাইন দেখলে সেটি কপি করে শেখার চেষ্টা করতাম। এত বেশি কপি করেছি যে এখনো আমার ফোল্ডারে ৫০০+ হেডার, ৫০০+ ফুটার, ৫০০+ অ্যাবাউট সেকশনের ডিজাইন আছে। তবে কপি শুধু স্ক্রিনশটের জন্য নয়, নিজের হাতে বানাতাম যাতে ডিজাইনটা ভালোভাবে মনে থাকে।
 
আমার মাথায় একটা ধারণা কাজ করত—“যদি ইন্টারনেট না থাকে, কেউ যদি আমাকে শুধু একটা ডকুমেন্ট দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে বলে, তাহলে কীভাবে করব?” তাই ইন্টারনেট ছাড়া ডিজাইন প্র্যাকটিস করতাম। এটা আমার স্কিল বাড়ানোর ক্ষেত্রে অনেক কাজে লেগেছে।
 
Inspiration নেওয়ার জন্য আমি কম্পিটিটরদের চেয়ে অন্য ইন্ডাস্ট্রির ডিজাইন বেশি দেখতাম। এতে ভিন্ন ভিন্ন আইডিয়া মিক্স করে কাজ করা সহজ হতো।
 
একবার চ্যালেঞ্জ নিই, একটি ইকমার্স অ্যাপ্লিকেশন ডিজাইন করব। আমি Shopify-এর পুরো ফাংশনালিটি এত গভীরভাবে রিসার্চ করেছি যে সব মুখস্ত হয়ে গিয়েছিল। Shopify App Store-এর ১০০+ অ্যাপের ট্রায়াল নিয়ে তাদের প্রতিটি ফিচার বুঝেছি। এখন যদি ইন্টারনেট ছাড়াই আমাকে একটি ইকমার্স অ্যাপ ডিজাইন করতে বলা হয়, আমি তা করতে পারব।
 
আমার Behance-এর ড্রাফটে এখনো অনেক কেস স্টাডি আছে, যেখানে বিভিন্ন অ্যাপ রিডিজাইন করেছি। এই কাজগুলো করতে গিয়ে অনেক কিছু শিখেছি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফোকাস। আমি একসঙ্গে অনেক কিছু শেখার চেষ্টা করিনি। গ্রাফিক্স ডিজাইন শিখতে গিয়ে ব্যবসা নিয়ে পড়িনি, ব্যবসা করতে গিয়ে ডিজাইন নিয়ে পড়িনি। UI ডিজাইন শিখতে গিয়ে প্রোডাক্ট ডিজাইন নিয়ে মাথা ঘামাইনি। জাস্ট নিজের লক্ষ্য নিয়ে পড়ে ছিলাম।
 
২০২৪ সালের বাজারে শেখার রিসোর্স অনেক বেশি। এখন শেখা সহজ, কিন্তু অতিরিক্ত তথ্যের কারণে ফোকাস রাখা কঠিন। বেশি জানার চেষ্টা করলে সিদ্ধান্ত নিতে দেরি হয়। তাই স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন, সেটাতে ফোকাস রাখুন। দেখবেন, আপনি ওই বিষয়ে মাস্টার হয়ে গেছেন।
 
আর হ্যাঁ, ২০২৯ সালে আমেরিকার প্রেসিডেন্ট কে হবে, সেটা জানা ডিজাইনার হওয়ার জন্য মোটেও জরুরি নয়!

- Nasir Uddin

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম